Dhaka Mail Logo

রাজনীতি

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শিবিরের ক্ষোভ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ঢাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। এ ঘটনার জন্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাকে দায়ী করেছে সংগঠনটি।

রোববার (২২ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, রোববার রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যরা যেন প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় এ ধরনের হামলা ও অগ্নিসংযোগকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেন ছাত্রশিবিরের নেতারা।

এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেশে আবারও সন্ত্রাস ও নাশকতা ছড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয় বলেও দাবি করেন তারা।

বিবৃতিতে বিএনপি সরকারেরও সমালোচনা করেন ছাত্রশিবিরের শীর্ষ নেতারা। তাদের ভাষ্য, একদিকে সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি তৈরি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় না এনে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ফ্যাসিস্টদের পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে।

এর ফলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করেন তারা। জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রশিবিরের নেতারা।

বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী নাশকতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

এম/এএইচ