জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত।
সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না এবং যাদের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা প্রয়োজন কি না, তা প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনা করতে হবে।
তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তবে এখনই সরকারের পদত্যাগ দাবি করছেন না জানিয়ে তিনি বলেন, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক, এটাই তাদের প্রত্যাশা।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দল মিলে তা পাস করা।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যার পর যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন।
তিনি আরও বলেন, ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র থাকার সময়ও তিনি পালিয়ে গেছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখা কেবল দিবাস্বপ্ন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়িত হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হলেও কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর গাড়ি ভাঙচুর কিংবা বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। অথচ বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে বাঁচাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর সেই ঐক্যের জন্য ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল, আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে। কিন্তু গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে আওয়ামী লীগ বিএনপিকে আঘাত করতে শুরু করেছে। জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে পাড়া-মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বিএনপি। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগ বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে, নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি এবং সরকারকে ব্যর্থ করে দেওয়া।
তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণ রাজপথে নামবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতাও বন্ধ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
টিএই/এআর