Dhaka Mail Logo

রাজনীতি

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং কমিউনিটি নেতারা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন আন্তরিক ও উদার অভ্যর্থনায় তিনি আনন্দিত। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অতীত ও বর্তমান প্রজন্মের প্রবীণদের প্রতি সম্মান জানান।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, সংগঠনটি বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছে। তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

টিএই/এআর