Dhaka Mail Logo

রাজনীতি

গণঅভ্যুত্থানে যারা পালিয়ে যায়, তারা আর ক্ষমতায় ফিরতে পারে না: রুবেল

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের (জিএসএ) নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, বিদ্রোহী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা পালিয়ে যায়, তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারে না। তাদের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন হচ্ছে দুঃস্বপ্ন। 

 শনিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদীদের সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গণসংহতি আন্দোলন (জিএসএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আবুল হাসান রুবেল বলেন, যারা এদেশের গণমানুষের অভ্যুত্থানে পালিয়ে গিয়েছিল, যারা যার যার অবস্থান থেকে পালিয়ে যাও; লিখে পালিয়ে গিয়েছিল, তারা বাংলাদেশে নাকি আবার নতুন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, ক্ষমতা ফিরে পেতে চায়, আবার এসে প্রতিশোধ নিতে চায়।

তিনি আরও বলেন, সতেরো বছর ধরে তারা গুম-খুন করে বাংলাদেশের মানুষের ওপর এক নির্মম শাসন চালিয়েছে। তারা আমাদের জান এবং জবানের অধিকার কেড়ে নিয়েছিল।

নির্বাহী সমন্বয়কারী বলেন, বাংলাদেশের মানুষ যে তাদের তাড়িয়েছে, এই সত্য তারা সহ্য করতে পারছে না। এজন্য তারা আজকে বাংলাদেশের মানুষের ওপরে প্রতিশোধ নিতে চায়। বাংলাদেশের জনগণকে তারা আগুন দিয়ে পোড়াতে চায়, মানুষের ওপরে বোমা মারতে চায়, বাসে আগুন দিয়ে মানুষ মারতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে আমরা ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই যুগপৎ আন্দোলনের ধারায় যেসব দল ছিল; প্রত্যেকটি দলের কর্মীদেরকে আমরা আহ্বান জানাই; আপনারা এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তুলুন, গণপাহারার ব্যবস্থা করুন, জনগণের জান-মাল রক্ষা করুন এবং এই সন্ত্রাসীদের প্রতিরোধ করুন।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, তাদের ইতিহাস এমন না যে, ১০০ বছরের পুরাতন। মাত্র দুই বছর আগে সারাদেশে তারা কীভাবে আমাদের শিশুদের হত্যা করেছিল; হেলিকপ্টার থেকে গুলি করেছিল; সেসব আমরা ভুলে যাই নাই। তারা ১৭ বছরের পুরো শাসনামলে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে রাতের বেলা উঠিয়ে নিয়ে গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, এমনকি জেলখানায় হত্যা করেছে। 

তিনি আরও বলেন, দেশের মানুষ জীবন দিয়েছে, তারা পুনর্গঠন চায়। দেশের মানুষ শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের চলে যাওয়া বা বিদায় শুধু এটা চায়নি, মানুষ জীবন দিয়েছে কারণ তারা এই ব্যবস্থার পরিবর্তন চায়। তিনি বলেন, ২৪-এ আমরা যেভাবে এই ১৭ বছরের দুঃশাসন ও ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক পুনর্গঠনের লড়াই  চলছে, সেই লড়াইকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। 

গণসংহতি আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া বলেন, বাংলাদেশে ১৪, ১৮ এবং ২৪-এর ভুয়া নির্বাচনে জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়ে নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পেরেছি। জনগণের কাছ থেকে জনগণের ভোটের অধিকার আর কেড়ে নেওয়া যাবে না। জ্বালাও-পোড়াও যতই করেন, হুমকি-ধামকি যতই মারেন, এ দেশের জনগণ আপনাদের আর ভয় পায় না। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের অবশ্যই এই জ্বালাও-পোড়াও রাজনীতি প্রতিহত করতে হবে। আমরা বাংলাদেশে আর জ্বালাও-পোড়াও রাজনীতি দেখতে চাই না।

জিএসএর রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুজন বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জনগণ আজও ঐক্যবদ্ধ আছে। আমরা খুনি হাসিনাকে এবং তার এ দেশে থাকা নেতাকর্মী ও আওয়ামী দোসরদেরকে পরিষ্কারভাবে বলতে চাই— আপনাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এ দেশের নাগরিকদেরকে যারা হত্যা করেছেন, তাদের প্রতি গুলি চালিয়েছেন, তার বিচার ছাড়া রাজনীতিতে আপনাদের কোনো স্থান নেই। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তিনি অপরাধী হিসেবে, ফাঁসির আসামি হিসেবে আসবেন এবং বাংলাদেশের প্রচলিত আইনেই তিনি আইনের মুখোমুখি হবেন, তা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।

গণসংহতি আন্দোলনের দফতর সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জিএসএর শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম ও আমজাদ হোসেন। সমাবেশে অংশ নেন জিএসএর ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক কুমার রায়, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমিন রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এফএ