জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে না পারায় তিন মাস আগেই তিনি দায়িত্বশীল নেতাদের কাছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন।
কালাম শেখ বলেন, এর আগে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানানো হলেও এলাকার সাধারণ মানুষ তা জানতে পারেননি। এ কারণে সবার অবগতির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ থেকে তিনি আর কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে থাকছেন না।
আরও পড়ুন
ওপারের উসকানিদাতাদের ফাঁদে পা দেবেন না, গোপালগঞ্জবাসীকে সালাহউদ্দিন
গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
পদত্যাগের বিষয়ে কোনো ধরনের চাপ বা ভয়ভীতির অভিযোগ নাকচ করে আবুল কালাম শেখ বলেন, সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ও বিবেচনা থেকেই তিনি দলীয় দায়িত্ব ছেড়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব নেই। দায়িত্বে থেকে সংগঠনের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর অংশ হিসেবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জ্বালিয়ে দিয়েছে টুঙ্গিপাড়া থানা। হামলা চালানো হয়েছে পুলিশের ওপর। বিএনপির একাধিক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। আওয়ামী লীগ বিরোধীরা অনেকটা কোণঠাসা অবস্থায় রয়েছে গোপালগঞ্জে। সেই অবস্থার মধ্যেই জামায়াতে ইসলামীর এই নেতা পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
প্রতিনিধি/জেবি