নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এসব কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে দলটির বিচার করতে হবে। পাশাপাশি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে, যা অত্যন্ত ধীরগতিতে চলছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, এই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়ার প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।
আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, গোপালগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে এবং মানুষের ওপর হামলা করছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাসের অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।
এম/এআরএম