Dhaka Mail Logo

রাজনীতি

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ এএম

পতিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় রব্বানীর ১৪ বোতল ‘কফ সিরাপ’ এবং এক পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।’

পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে জানানো হয়েছে, রব্বানী মোবাইল ফোনের মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় ছাত্রলীগের এই সাবেক নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এএইচ