Dhaka Mail Logo

রাজনীতি

যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ এএম

পতিত আওয়ামী লীগের নিষিদ্ধ অঙ্গসংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। 

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করে। পরে ভেতরে ঢুকে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করে। এক পর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। 

এ সময় হামলাকারীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেয়। আধঘণ্টা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তারা চলে যায়।

‎তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলছেন, নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি।

‎প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল মিরপুরের এই বাসায় ছিলেন। বর্তমানে তিনি পলাতক।

এএইচ