Dhaka Mail Logo

রাজনীতি

আ.লীগ-ছাত্রলীগের সহিংসতার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সায়েন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘টুঙ্গিপাড়ার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ২০২৪ সালের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিজেদের সংশোধনের সুযোগ দেওয়া হলেও তারা আগের কর্মকাণ্ড থেকে সরে আসেনি। ভবিষ্যতে তাদের কোনো ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা দেখা গেলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পেলে গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ করার প্রস্তুতির কথাও জানান তিনি।

ঢাকা কলেজের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়ে পিয়াল হাসান বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং কলেজের ঐতিহ্য সমুন্নত রাখতে ঢাকা কলেজ ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের সব ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। ২০২৪ সালের মতো ভবিষ্যতেও দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রহমান, আবির রায়হান, শাহাবুদ্দিন ইমন, আনিসুর রহমান আনিস, জিয়াউর রহমান খন্দকার, শামীম শেখ ও শোয়াইব আহমেদ সজিব। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্যসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা মিছিলে অংশ নেন।

এম/এএইচ