Dhaka Mail Logo

রাজনীতি

আইনজীবী রঞ্জুর ওপর হামলায় যুবদল নেতা নয়ন জড়িত: জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। 

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই অভিযোগ করেন নাজিবুর রহমান।  

তিনি বলেন, ‘যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা গতকাল (১৬ নভেম্বর) আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’

নাজিবুর রহমান বলেন, ‘ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়া হয়নি।’

সংসদে বিবৃতির দাবি করে তিনি বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে আছেন। এ ঘটনায় আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করেছিলাম। একইসঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করেছিলাম।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাদের বিবৃতি প্রত্যাশা করি।’

এমএইচএইচ/এএইচ