Dhaka Mail Logo

রাজনীতি

গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ করে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে জামায়াতের অবস্থান অনড় থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুনিয়া তাঁদের লক্ষ্য নয়, বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সব সময় মনে রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনা নিয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।

জামায়াত আমির বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। তাঁরা বরাবরই বলে আসছেন, সংসদে জামায়াতের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সব সময় ভূমিকা রাখবেন তাঁরা। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাঁরা ইতোমধ্যে নোটিশ দিয়েছেন। এসব নোটিশের বিষয়ে সংসদে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে। এ জন্য দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির সেবায় প্রস্তুতি নিতে হবে।

বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সঞ্চালনা করেন। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ ছাড়া বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টিএই/এআর