নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ এএম
গোপালগঞ্জে চলমান সহিংসতা, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনার কড়া সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ। এটি শুধু সরকারের নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মিয়া গোলাম পরওয়ার লিখেছেন, গোপালগঞ্জে যা ঘটছে–নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা–এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!
প্রশাসনিক স্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা এসব ঘটনা দেখে মানুষ বুঝতে পারছে না। রাষ্ট্রবিরোধী এই শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সরকারের প্রতি জনগণের অনাস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করেন এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করেন, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
/এএস