নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা তাঁর। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনার প্রতিকার দাবি করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নুসরাত বলেন, তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতার ঘটনাকে লঘু করে দেখার চেষ্টা করা হয়েছে। সংসদে এ ধরনের ঘটনা নিয়ে অনেক সময় তথ্যগত ভুল আলোচনা হয় এবং শেষ পর্যন্ত তা অস্বীকারের দিকে চলে যায়। একটি অপরাধ কীভাবে, কারা এবং কেন সংঘটিত করেছে, সেটিই সবচেয়ে জরুরি প্রশ্ন।
নিজের বাড়িতে হামলার রাতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, মধ্যরাতে যখন বাড়িতে আগুন দেওয়া হয়, তখন সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে যাওয়া এবং একযোগে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলে ওঠার দৃশ্য স্পষ্ট দেখা গেছে। আগুনের মধ্যে থেকে নারী ও শিশুরা দৌড়ে বেরিয়ে আসেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। অথচ তখনও বাড়ির দেয়ালে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। তাঁর মতে, এটি শর্টসার্কিটের কারণে আগুন লাগার ঘটনা নয়—তার চাক্ষুষ প্রমাণ।
এত স্পষ্ট প্রমাণ থাকার পরও সংসদে বাড়িটিকে পরিত্যক্ত বা আগুনের ঘটনাকে শর্টসার্কিটের ফল হিসেবে উল্লেখ করায় তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন নুসরাত।
তিনি বলেন, তাঁর বসতবাড়িকে পরিত্যক্ত বলা হয়েছে, এতে তাঁর দুঃখ নেই। কিন্তু সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যম ও তদন্তকারীদের হাতে পৌঁছানোর পরও বাড়ি থেকে একের পর এক মানুষ বেরিয়ে আসার দৃশ্য থাকা সত্ত্বেও কীভাবে সেটিকে পরিত্যক্ত বলা হয়, তা তাঁর বোধগম্য নয়। সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার এ শব্দ উচ্চারণ করে বিষয়টি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে আগুন-সন্ত্রাসের ঘটনা কীভাবে জায়েজ হয়, সেই প্রশ্নও তোলেন তিনি।
তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির মন্তব্যের সমালোচনা করে সংসদের সর্বকনিষ্ঠ এই সদস্য বলেন, সংসদের সহকর্মীদের কাছ থেকে তিনি আরও সংবেদনশীলতা ও সহযোগিতা আশা করেছিলেন। তদন্ত চলার সময় এবং আলামত সংগ্রহের পর্যায়ে দায়িত্বশীল কোনো ব্যক্তি তদন্তের সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করলে তা স্বাভাবিক থাকে না। বাংলাদেশের আমলাতান্ত্রিক বাস্তবতায় ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের সঙ্গে মিল রেখে তদন্ত প্রতিবেদন দেওয়ার প্রবণতা অধস্তন কর্মকর্তাদের মধ্যে দেখা যায়। এ কারণে সুষ্ঠু তদন্ত নিয়ে তাঁর গভীর সন্দেহ রয়েছে।
ঘটনার পর সন্ত্রাসীদের দায় স্বীকার ও হুমকির প্রসঙ্গও তুলে ধরেন নুসরাত। তিনি বলেন, হামলার পর সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করে দায় স্বীকার করেছে। তাঁকে আগেও এবং পরেও হুমকি দিয়ে বলা হয়েছে, তাঁর লাশ রাতে নিয়ে যাওয়া হবে। এরপরও তাদের প্রতি মানবতা দেখানো বা দায়মুক্তি দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তোলেন তিনি। ভরদুপুরে ঘটে যাওয়া ককটেল হামলাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনেরও সমালোচনা করেন তিনি।
এ সময় স্পিকার তাঁকে মূল বিষয়ে থাকার অনুরোধ জানান। পরে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে নুসরাত বলেন, তাঁর বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, একই ধরনের কায়দায় রোববার সারাদিন গোপালগঞ্জে সহিংসতা চালানো হয়েছে। সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একইভাবে উল্লাস করা হচ্ছে। শুধু তদন্ত চলছে—এ কথা বললেই যথেষ্ট ছিল; দায়মুক্তির সুরে কথা বলার প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে নুসরাত বলেন, প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে। মূলত জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁরাই এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
নিজের, পরিবারের এবং জুলাইয়ের সব অগ্রসৈনিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নুসরাত। একই সঙ্গে সংসদের মাধ্যমে তাঁর সঙ্গে ঘটে যাওয়া নাশকতার ঘটনার প্রতিকার কবে ও কীভাবে পাবেন, সেই প্রশ্ন রেখে বক্তব্য শেষ করেন তিনি।
নুসরাতের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি সংসদে উত্থাপনের সময় তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন। সংসদের প্রতিটি সদস্য তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। স্পিকার জানান, এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করার আশ্বাস দিয়েছেন।
এমএইচএইচ/এআর