Dhaka Mail Logo

রাজনীতি

পটকা ফাটিয়ে তারেক রহমানের সরকারকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

ককটেল ও পটকা ফাটিয়ে তারেক রহমানের সরকারকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে কলেজের মূল ফটকের সামনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাসির উদ্দীন নাসির বলেন, গত ১৭ বছর ধরে তাদের স্বপ্ন ছিল, জনগণের ভোটে তারেক রহমানকে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করা। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সরকারকে সফল করতে হবে। এ জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা অনৈক্য রাখা যাবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের ওপর শেখ হাসিনার ক্ষোভ ও আক্রোশের অন্যতম কারণ হলো, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে ঢাকা কলেজ ছাত্রদল সব সময় তারেক রহমান ও তাঁর সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করেও ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম সফল করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে নাসির উদ্দীন বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ছাত্রদলকে। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ছাত্রদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এম/এএম