নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের যেকোনো কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সেখানে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা।
সকাল থেকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নামেও স্লোগান দেন তাঁরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রহিন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। জনগণের কল্যাণে রাজপথে আছি, ভবিষ্যতেও থাকব। যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করব।’
ছাত্রলীগের ডাকা ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগ কিসের ধর্মঘট ডেকেছে, সেটা আমরা জানি না, জানতেও চাই না। তারা মনে করেছে, বিএনপি যেভাবে রাজপথে আন্দোলন করেছে, তারাও সেভাবে আন্দোলন করবে। তারা বোকার স্বর্গে বাস করছে।’
ছাত্রদলের ওই নেতা দাবি করেন, ছাত্রলীগের ধর্মঘটে সাধারণ মানুষের কোনো সাড়া নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছেন।
তিনি বলেন, ‘তারা ধর্মঘট ডেকেছে, অথচ সারা দেশে স্কুল-কলেজ চলছে, ব্যবসা-বাণিজ্য চলছে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তাদের এই ধর্মঘট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ছাত্রদলের ওই নেতা বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু আমাদের পার্টি অফিস ছেড়ে যাইনি। পুলিশ ঘেরাও করে রাখলেও নেতাকর্মীরা সেখানে ছিলেন। অথচ তাদের পার্টি অফিস এখন ভূতের বাড়ি হয়ে গেছে।’
এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, তাদের সাহস থাকলে এই পার্টি অফিসের সামনে এসে কর্মসূচি করে দেখাক। তাদের সঙ্গে রাজপথেই মোকাবিলা হবে। যারা নিজেদের পার্টি অফিসে আসতে পারে না, তারা আবার ধর্মঘট ডাকে কীভাবে?
ছাত্রলীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের সমালোচনা করে তিনি বলেন, মুখে মাস্ক পরে ১০ সেকেন্ডের মিছিল করে দৌড়ে পালিয়ে যাওয়াকে আন্দোলন বলে না। আন্দোলন করতে হলে রাজপথে নামতে হবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে।
ছাত্রদলের ওই নেতা আরও বলেন, ‘আমরা গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি। সাহস থাকলে তারা রাজপথে এসে দেখাক। গুপ্তভাবে হামলা চালিয়ে কোনো লাভ হবে না।’
এদিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গুলশান, শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় তাঁদের উপস্থিতি ছিল। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব এলাকায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্য কোনো অঙ্গসংগঠনের প্রকাশ্য কর্মসূচি চোখে পড়েনি।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টিতে দলটির নেতাকর্মীদের নিয়মিত কার্যক্রম দেখা যায়নি। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেলেও মঙ্গলবার সকালে কার্যালয়টির সামনে তাদের কোনো কর্মসূচি দেখা যায়নি।
এমএইচ/এআর