Dhaka Mail Logo

রাজনীতি

শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধসহ সরকারের কাছে ৭ দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

মালয়েশিয়াসহ সব শ্রমবাজারের সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ নিয়োগ বন্ধে যথাযথ যাচাই, ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে বিএমইটি’র অপ্রয়োজনীয় জটিলতা নিরসনসহ সরকারের সাতটি দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী দাবিগুলো তুলে ধরেন।

মঞ্জু বলেন, ‘প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে। অথচ বিদেশে যেতে গিয়ে তাদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।’

তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রবাসীদের কল্যাণকে কেবল রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। তাদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। সরকারকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন, তারা বাংলাদেশের নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এবি পার্টি প্রবাসী বাংলাদেশিদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় তাদের পাশে থাকবে।’

সরকারের উদ্দেশে মঞ্জু বলেন, ‘সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল। অন্তর্র্বতী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আপনারা যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটে জনগণের রায়ের পর সেগুলো অকার্যকর হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বর্তমান নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে আপনারা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আর চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছেন। তাহলে গণভোটের গণরায় মানতে এত অনীহা কেন? গণভোটের গণরায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই।’  

প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপনকালে এবি পার্টির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী কর্মীরা। তারা বিদেশে শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠান এবং দেশের লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা সচল রাখেন। অথচ তাদের বিদেশযাত্রা এখনো অতিরিক্ত ব্যয়, দালালচক্র, প্রতারণা ও প্রশাসনিক জটিলতামুক্ত নয়। অনেক কর্মী জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশে গিয়েও প্রতিশ্রুত চাকরি, বেতন ও সুযোগ-সুবিধা পান না।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় একজন কর্মীর অভিবাসন ব্যয় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। একজন সাধারণ শ্রমিককে বিদেশে যাওয়ার জন্য এত বিপুল ঋণের বোঝা নিতে হবে কেন?’

গোলাম রব্বানী দাবি করেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে কোনোভাবেই সীমিত সংখ্যক এজেন্সিকে সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ এবং নিয়োগ ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে।’

রাশিয়ায় কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাষ্ট্রীয় পর্যায়ের প্রচারণার ভিত্তিতে নয়, বাস্তব তথ্য ও কর্মীদের নিরাপত্তা বিবেচনা করেই বিদেশে কর্মসংস্থানের সিদ্ধান্ত নিতে হবে।’

অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে সামরিক কাজে যুক্ত করার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন রব্বানী। তিনি বলেন, ‘প্রতিটি চাকরির চুক্তি, নিয়োগকর্তা, ভিসার ধরন, কাজের প্রকৃতি ও বেতন বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করতে হবে। কোনো কর্মীকে তার সম্মতি ছাড়া সামরিক কাজে নিয়োজিত করা যাবে না। তবে রাশিয়ায় বৈধ ও নিরাপদ বেসামরিক কর্মসংস্থানের সুযোগ বন্ধ করার পক্ষে নয় এবি পার্টি।’

ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসা ও চাকরির চুক্তি পাওয়ার পরও বিএমইটি’র ছাড়পত্র পেতে কর্মীদের হয়রানি ও বিলম্বের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভাসহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ পাওয়া বাংলাদেশিদের অযৌক্তিক প্রশাসনিক জটিলতায় আটকে রাখা যাবে না। দেশভিত্তিক ছাড়পত্রের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রকাশ, আবেদন নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ছাড়পত্র প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখিত কারণ জানানোর ব্যবস্থা করতে হবে।’

ইউরোপীয় ভিসা আবেদনের জন্য বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ভোগান্তি প্রসঙ্গে রব্বানী বলেন, ‘ভিসা আবেদন, বায়োমেট্রিক, সাক্ষাৎকার ও পাসপোর্ট ফেরত দেওয়ার সেবা বাংলাদেশে সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। এতে আবেদনকারীদের অতিরিক্ত অর্থ, সময় ও ভ্রমণঝুঁকি কমবে।’

তিনি দাবি করেন, ‘জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের বয়সের অমিলের কারণে অনেক প্রবাসী পাসপোর্ট পেতে সমস্যায় পড়ছেন। তাদের ক্ষেত্রে পূর্বের বৈধ ডিজিটাল পাসপোর্টের তথ্য ও মেয়াদের ভিত্তিতে ই-পাসপোর্ট তৈরির বিশেষ সুযোগ দিতে হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির পক্ষ থেকে সরকারের কাছে সাতটি দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো-

১। মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।

৩। রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে দিতে হবে।

৫। ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

৬। বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানব পাচারের শিকার কর্মীদের জন্য দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭। প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি সমন্বিত, সহজলভ্য ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায়সঙ্গত কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়ক সহ-সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব, নুরুন্নবী নয়ন, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, উদ্যোক্তা ও কর্মসংস্থান  বিষয়ক সহ-সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, বরিশাল মহানগর সদস্যসচিব জি এম রাব্বি, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী ও বরিশালের নেতা জাকির হোসেন।

এএইচ