Dhaka Mail Logo

রাজনীতি

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানায়, ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিলেন। সিপাহী-জনতার সেই ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও চরম অনিশ্চয়তার অবসান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংকটময় সেই সময়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দ্রুত সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি গড়ে তোলেন তিনি।

ঐতিহাসিক এ দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় জীবন বাজি রাখা বীর সিপাহী ও সাধারণ মানুষের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলটি।

বিবৃতিতে দলটির নেতারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা একই সূত্রে গাঁথা। এসব ঐতিহাসিক সংগ্রামের মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা।

এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

এমআর/এএইচ