Dhaka Mail Logo

রাজনীতি

বিএনপির শোভাযাত্রা ঘিরে লোকারণ্য নয়াপল্টন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো পল্টন এলাকা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে।

বিকেলে শোভাযাত্রা শুরু হওয়া কথা থাকলেও তার অনেক আগে থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একপর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের ভিড়।

শোভাযাত্রাকে ঘিরে ছিল নানা ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ নয়াপল্টনে আসেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।

bnp-1

শোভাযাত্রার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল ৩টায় তার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আসার খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সরকারপ্রধানের আগমন ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মসূচিস্থল ও শোভাযাত্রার সম্ভাব্য রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

টিএই/এমআর