নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’ দীর্ঘ ওই পোস্টে এনসিপির সঙ্গে তার রাজনৈতিক পথচলা, দলের জোট গঠন নিয়ে মতপার্থক্য এবং শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর কারণ তুলে ধরেন তিনি।
সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর আগে জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তার মতে, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
তিনি আরও বলেন, গত ১১ মাসে নিজের রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। সুযোগ পেলেই দলের ভেতরে তর্ক-বিতর্ক ও আলোচনা করেছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা শারমিন লেখেন, সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে। দল ভুল পথে গেলে তা থেকে রক্ষা করার চেষ্টা করা তার রাজনৈতিক কর্তব্য ছিল। এ কারণে তিনি এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগত উপায়ে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার অন্য কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না বলে মনে করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি টানছেন তিনি। কারণ, এনসিপির পক্ষে দলের প্রারম্ভিক মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে তিনি মনে করেন না।
এআর