Dhaka Mail Logo

রাজনীতি

সিদ্ধান্ত যত বিলম্ব হবে, শিল্পখাতের ক্ষতি ততই বাড়বে: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে—এ বাস্তবতা সরকার ও মালিকপক্ষকে মনে রাখতে হবে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জামায়াত আমির। 

তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। এ আন্দোলনের কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, মঙ্গলবার গাইবান্ধার বাসিন্দা তৌফিককে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তৈরি পোশাকশিল্পকে দেশের প্রধান রফতানি খাত উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সরকার দ্রুত সমস্যার যৌক্তিক সমাধান করবে বলে তারা আশা করেছিলেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্র্নিধারণ করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এখনো তা করতে পারেনি।

জামায়াত আমির বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে— কথাটি যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, এই বাস্তবতাও মনে রাখতে হবে।’ 

শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে এ খাতের ক্ষতি আরও বাড়বে।

এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী ব্যক্তিরা বিভিন্নভাবে পরিস্থিতির অপব্যবহারের চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন তিনি। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান।

আন্দোলনরত শ্রমিকদের প্রতি সহানুভূতি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলেই আপনারা বেঁচে থাকবেন।’

এক সঙ্গে মালিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

ভিডিও বার্তার শেষে নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াত আমির। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টিএই/এএইচ