Dhaka Mail Logo

রাজনীতি

প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

বর্তমান সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য নতুন করে সনদ তৈরি করতে হবে। সেই সনদে চার কোটি মানুষের স্বাক্ষর গ্রহণের উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণকেই প্রকৃত অংশীজন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, অদক্ষতা ও অনভিজ্ঞতার জন্য ড. ইউনূস সরকারকে উপহাস করে এনজিওগ্রাম সরকার বলা হতো। অব্যবস্থাপনা ও অযোগ্যতার জন্য বর্তমান সরকারকে অনেকে ‘লন্ডনী-গো’ সরকার বলছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, মাহমুদুর রহমান অনেক আগেই বলেছিলেন, ফ্যাসিবাদ রুখতে হলে গণঅভ্যুত্থান প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। সৈনিকদের এক যুদ্ধের পর আরেক যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। আমাদেরও সেই প্রস্তুতি নিতে হবে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও সব সমস্যার সমাধান হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনেও সংকটের সমাধান হয়নি। বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে। সীমান্তের ওপার থেকে ফ্যাসিবাদী শক্তি উল্লসিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং দৈনিক ওয়াদা’র সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান স্বাগত বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

এএইচ/এসআই