Dhaka Mail Logo

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একইসঙ্গে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে দলটি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একের পর এক জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। 

তিনি বলেন, সর্বশেষ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ দুই মাসে দুই দফায় সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৩৫ টাকা। একইসঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দাম।

জালালুদ্দীন আহমদ বলেন, সরকারের এ ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মনে হচ্ছে, সরকার নিজেদের এ দেশের রাজা এবং জনগণকে অচ্ছুত প্রজা মনে করতে শুরু করেছে। জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল কোনো গণতান্ত্রিক সরকার এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। শেষ পর্যন্ত এর পুরো বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকে। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে তিনি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে যে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সরকার যেন সেই লুটপাটের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। গ্যাস ও জ্বালানি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ক্রয়ক্ষমতা ও দুর্ভোগ উপেক্ষা করে সরকার ইচ্ছামতো এসবের দাম বাড়াতে পারে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জনগণের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে না পারলে এবং তাদের বোঝা লাঘব করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। 

দীর্ঘ ১৭ বছর তারেক রহমান লন্ডনে এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ভারতের শিলংয়ে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ত্যাগ, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। অথচ জনগণের সেই ত্যাগ ও কষ্টের প্রতি সরকারের সংবেদনশীলতা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সক্ষম না হলে ক্ষমতা ছেড়ে প্রয়োজনে লন্ডনে ফিরে যেতে হবে। জনগণের সঙ্গে রাজাগিরি দেখানো যাবে না। জনগণ কাউকে ক্ষমতায় বসাতে যেমন জানে, তেমনি ক্ষমতার মসনদ থেকে নামাতেও জানে। এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান মাওলানা জালালুদ্দীন আহমদ। 

অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে সঙ্গে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

টিএই/এএইচ