Dhaka Mail Logo

রাজনীতি

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

তুরস্কে ২০১৭ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ কারী শেখ নাজির উল্লাহকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শেখ নাজির উল্লাহ বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার এ অর্জন কোরআনের হিফজ ও তিলাওয়াতের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ সমাপনকারী ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান এবং তাদের অভিভাবকদের সম্মানিত করার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজে কোরআন ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, হিফজ কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

এমআর