জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সারাদেশে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা করছে। এ ধরনের পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করা হলে বিএনপি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই স্বৈরাচারী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ভারত বাংলাদেশকে নানামুখী চাপে রাখতে আওয়ামী লীগকে দিয়ে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।
_মুন্সিগঞ্জ_26.10.2026(5)_20261026_161711250.jpg)
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সমালোচনা
নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা নতুন নয়। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় এ দাবির উত্থান হয়েছিল এবং আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব না মেনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দলটিকে ক্ষমতা ছাড়তে হয়।
তিনি আরও বলেন, ২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বিভিন্ন সময়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। বিএনপি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নিজেদের লোক বসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও জানান এনসিপির আহ্বায়ক।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয়
নাহিদ ইসলাম বলেন, বিএনপির অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের সংশয় রয়েছে। তার অভিযোগ, গত নির্বাচনেও বিএনপি বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। আগামী নির্বাচন সামনে রেখেও দলটি একই ধরনের পরিকল্পনা করছে।
_মুন্সিগঞ্জ_26.10.2026(1)_20261026_161654883.jpg)
তিনি দাবি করেন, নির্বাচন কমিশনকে ইতোমধ্যে কুক্ষিগত করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকেও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা চলছে।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি আগে থেকেই র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতির প্রস্তাব দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি তাদের প্রস্তাবের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা উচিত।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনে বিএনপির প্রভাব এবং সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়টি তাদের উদ্বিগ্ন করছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রার্থী ঘোষণার বিষয়টিও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

৪ হাজার ৬০০ ইউনিয়নে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের দল।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলীসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি/এসএস