Dhaka Mail Logo

রাজনীতি

গিয়াস কামাল চৌধুরী ছিলেন আদর্শনিষ্ঠ সাহসী সাংবাদিক: রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী সাহসিকতা, নিষ্ঠা ও আদর্শের প্রতি অবিচল থাকার অনন্য দৃষ্টান্ত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি এ স্মরণসভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সংবাদ পরিবেশন ও সাহসী ভূমিকার মধ্য দিয়ে গিয়াস কামাল চৌধুরী মানুষের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। তার সংবাদ ও বক্তব্য শোনার জন্য ছাত্রজীবনে আন্দোলন-সংগ্রামের সময় তারা অপেক্ষা করতেন।

তিনি বলেন, বিশেষ করে ১৯৮৭ ও ১৯৮৮ সালের আন্দোলনের সময় বিবিসি ও ভয়েস অব আমেরিকার মাধ্যমে দেশের পরিস্থিতি এবং আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ হতো। ওই সময় গিয়াস কামাল চৌধুরীর সংবাদ পরিবেশন ও বক্তব্য আন্দোলনরত ছাত্র-জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাকে গ্রেফতারের খবরও মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গিয়াস কামাল চৌধুরী ন্যায়নীতি ও আদর্শের প্রতি অবিচল ছিলেন। তৎকালীন স্বৈরশাসক এরশাদের শাসনামলে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার এবং কেনার চেষ্টা করা হলেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।

স্মরণসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

কবি আবদুল হাই শিকদার বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন মানুষের সাংবাদিক। মানুষের প্রতি দরদ, দেশের প্রতি ভালোবাসা এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী কখনো ব্যক্তিগত স্বার্থে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেননি। বরং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনে খোঁজখবর নেওয়া ছিল তার স্বভাবের অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও সৎ সাংবাদিককে হারিয়েছে। আর তিনি হারিয়েছেন সারা জীবনের এক বন্ধুকে।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। কবি ও গীতিকার নাহিদ নজরুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এম/এএইচ