নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এলিজা জামান। একই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মাদার তেরেসা স্বর্ণপদক দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। তাঁর পদত্যাগে আসনটি শূন্য হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এলিজা জামান একক প্রার্থী থাকলে এবং তাঁর মনোনয়নপত্র বৈধ হলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এআর