Dhaka Mail Logo

রাজনীতি

এনসিপির নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিতু ও নুসরাত

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বর্তমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। সদস্যসচিব করা হয়েছে আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।

রোববার (২৫ অক্টোবর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

জাতীয় নারীশক্তির সর্বশেষ ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল গত এপ্রিলে। ওই কমিটির আহ্বায়ক ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এবার আহ্বায়কের দায়িত্ব পাওয়া মাহমুদা আলম মিতু ওই কমিটির সদস্যসচিব ছিলেন। আর মনজিলা ঝুমা ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা নেতাদের উদ্যোগে গঠিত এনসিপির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ছয়টি আসনে জয় পায় দলটি।

এআর