Dhaka Mail Logo

রাজনীতি

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

তিনি বলেছেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। তাঁদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ আয়োজনে ডিপ্লোমা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, কর্মজীবনের সম্ভাবনা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

নূরুল ইসলাম বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষা কার্যক্রমের পাঠ্যক্রম দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। গবেষণার জন্য পর্যাপ্ত পরীক্ষাগার, গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। অথচ এত বড় একটি খাতের সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে শিক্ষার্থীদের দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির সঞ্চালনায় সকাল সাড়ে ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সামিটের কার্যক্রম শুরু হয়। এরপর আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী দারসুল কোরআন উপস্থাপন করেন। পরে হাফেজ ইউসুফ ইসলাহির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।

আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামি শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও শৃঙ্খলার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও চাকরির সুযোগ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব ও ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের মহাসচিব মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবির নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএই/এএম