Dhaka Mail Logo

রাজনীতি

‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি’

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

রাঙামাটির সাজেকে স্বাধীন দেশের নিরাপত্তা বাহিনীর ওপর ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) গুলিবর্ষণের ঘটনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে দলটির ঢাকা মহানগর দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইএসপিআরের বিবৃতির তথ্য উল্লেখ করে ফজলুল করীম মারুফ বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আইএসপিআরের তথ্যানুযায়ী ইউপিডিএফ দায়ী। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করি।’ 

তিনি ইউপিডিএফসহ দেশের কোনো সংগঠনের এ ধরনের সশস্ত্র সক্ষমতা থাকা উচিত নয় এবং এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

​রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘২৪-এর পর দেশে অন্তত তিনটি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন হলে যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জাতিকে নতুন কিছু দিতে ব্যর্থ হয়েছে। তাই ঢাকা মহানগরের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য নেতা নির্বাচনের আহ্বান জানান তিনি।

​ওয়ার্ড সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাহউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/এসআই