Dhaka Mail Logo

রাজনীতি

দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম আওয়ামী লীগ: জাগপা

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

‎ভারতের কোলে বসে দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, সম্প্রতি বিএনপি সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্য প্রমাণ করে ভারতের প্রতি আওয়ামী লীগের অসমাপ্ত দায়িত্ব পালন করতে ইচ্ছুক তারা।
‎
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে 'জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
‎
‎জাগপার সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির সাথে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী সারাদেশে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। শুধু তাই নয় বিএনপি সরকার বিরোধী দলের উপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে দৃষ্টি প্রতিবন্ধীদের মতো এড়িয়ে যাচ্ছেন।  
‎
‎তিনি আরও বলেন, ভারতের সাথে বন্ধুত্ব মানেই বিএনপি-আওয়ামী লীগের গোলামী। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে। ভারত বাংলাদেশকে নেতা ও সেনা শূন্য করতে আবারও পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশবাসী হুঁশিয়ার থাকবেন। 
‎
‎অধ্যাপক ইকবাল হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু জুলাই পরবর্তী সরকার এখনো বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থা পথে হাটতে শুরু করেছেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় আপনাদের খোঁড়া গর্তে আপনাদের পড়তে হবে।
‎
‎জাগপা ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন— জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

এইচজে/এএস