Dhaka Mail Logo

রাজনীতি

খুলনা অঞ্চলে ১১ দলের লংমার্চ ৩১ অক্টোবর, বায়তুল মোকাররমে উদ্বোধনী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম

ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে আগামী ৩১ অক্টোবর লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। 

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। 

এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভায় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন মিয়া গোলাম পরওয়ার এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জামায়াতের পরিকল্পনা অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে। মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে বহর। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের অংশগ্রহণকারীরা। এতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরাও অংশ নেবেন।

কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পথসভা হবে। সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হবে।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হবে।

টিএই/এএইচ