Dhaka Mail Logo

রাজনীতি

‘দালাল মিডিয়া’ বর্জনের আহ্বান ইশরাকের, নতুন গণমাধ্যম আনার ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম

অস্ত্রকাণ্ডে বিতর্কের জেরে পদত্যাগী সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘দালাল মিডিয়া’ বর্জনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনই পরিকল্পনার কথা জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

ইশরাক তার পোস্টে লেখেন, ‘আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে, যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

তরুণ এই এমপি লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব।’

নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ঢাকা-৬ এলাকার বাসিন্দাদের নিয়ে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন ইশরাক।

তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে।’

ইশরাক আরও লেখেন, ‘ঘনবসতিপূর্ণ এ এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা ছাড়া কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নিজ আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। নাখোশ হন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও। যার কারণে ইশরাককে পরদিন (রোববার) পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

সেই মতো গত সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এই নেতা। যদিও ইশরাক দাবি করেন, দল এবং সরকার যাতে তার কাজে বিব্রত না হয়, সে কারণে তিনি নিজে থেকেই পদত্যাগ করেছেন।

পাশাপাশি এ ঘোষণাও দেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও নিজ আসনে তার মাদকবিরোধী কর্মকাণ্ড চলমানই থাকবে। এর দুদিন না যেতেই এবার নতুন গণমাধ্যম আনার ঘোষণা দিলেন বিএনপির এই নেতা।

এএইচ