Dhaka Mail Logo

রাজনীতি

ঢাকেশ্বরী মন্দিরের দখল হওয়া জমি উদ্ধারের প্রতিশ্রুতি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারের কাছে দ্রুত জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। আর ভবিষ্যতে ক্ষমতায় গেলে মন্দিরের জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এনসিপি। বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ব আমরা।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বী রিয়াদসহ অন্য শহীদদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

আখতার হোসেন বলেন, দূর্গাপূজার সময়ে দেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা আমরা চাই না। অতীতে বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট দেশে কার্যকর সরকার না থাকলেও সাধারণ মানুষ নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অন্যের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন। মানুষের মধ্যে সম্প্রীতির যে দৃষ্টান্ত তৈরি হয়েছিল, তা অব্যাহত থাকুক।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় অশুভ শক্তির পরাজয় হয়েছে। এখন মানুষ তাদের চূড়ান্ত বিনাশের অপেক্ষায় রয়েছে।

ঢাকেশ্বরী মন্দিরের জমি উদ্ধারের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আলোচনায় মন্দিরের বিপুল জমি দখল হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলেও অনেকে ক্ষমতায় গেলে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।

মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, মন্দিরের জায়গায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যে অংশ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে সেই অংশ ছেড়ে দিতে তারা প্রস্তুত। তবে বাকি জমি মন্দিরের প্রয়োজন। সেখানে আরও অনেক কাজ বাকি রয়েছে। এ কারণে বর্তমান সরকারের প্রতি দ্রুত জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে এনসিপির পক্ষ থেকে জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে আট দফা দাবিতে আন্দোলন করছেন। আলোচনায় অর্পিত সম্পত্তি আইন এবং ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি দখলের বিষয়টিও উঠে এসেছে। জমি দখলকারীদের কোনো দলীয় পরিচয়ে চিহ্নিত করতে চাই না, তাদের পরিচয় তারা অন্যায়কারী।

তিনি বলেন, এই অন্যায়কারীদের প্রতিহত করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো হিন্দু ভাই বা বোনের জমি কেউ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে এনসিপি কাজ করবে। সংসদের বাইরেও বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের আন্দোলনের অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এম/এএস