জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং তার শপথের সঙ্গে সাংঘর্ষিক।
শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করবেন না। জাতীয় সংসদের সদস্য হিসেবে তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং শপথের সঙ্গে সাংঘর্ষিক।
জুবায়ের বলেন, চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেছেন, দলীয় প্রার্থী জয়ী না হলে ওই ইউনিয়নের মানুষকে তার কাছে গিয়ে কোনো কাজ পাওয়া যাবে না এবং ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক এমপি ও মন্ত্রী অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন।
চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য উল্লেখ করে জুবায়ের সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
টিএই/এসআই