Dhaka Mail Logo

রাজনীতি

জুলাই সনদের প্রতিশ্রুতি ও বাস্তবায়নের এক বছরের হিসাব চাইবে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদের প্রতিশ্রুতি এবং প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামীকাল রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকালের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নে গত এক বছরের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হবে। একই সঙ্গে সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান, দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হবে।

এবি পার্টি মনে করে, জুলাই সনদ নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। কিন্তু সেই গণরায় কার্যকর না করে বর্তমান সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় দলটি।

এবি পার্টি আরও মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। জুলাই সনদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে কোথায় ঘাটতি রয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সব বিষয় পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলটি প্রত্যাশা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।