Dhaka Mail Logo

রাজনীতি

দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে মাঠে থাকবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দেশজুড়ে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূজা উপলক্ষে সারাদেশে পর্যবেক্ষণ কমিটি গঠন এবং প্রতিটি পূজামণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম তৈরির মাধ্যমে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ‘দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি’র প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় বক্তারা জানান, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের মূল অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন কিংবা বুদ্ধপূর্ণিমা—সব ধর্মীয় উৎসবই বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার নাগরিক ও রাজনৈতিক দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে এসব কার্যক্রম সমন্বয় করছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে। এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে, যারা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার কাজে সক্রিয় ভূমিকা রাখবেন। ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করবে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধিদল।

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি?

সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না?

এদিকে বর্তমান বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুর্গাপূজা উপলক্ষে নেওয়া বিভিন্ন প্রশাসনিক ও কল্যাণমূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় উল্লেখ করা হয় প্রতিটি পূজামণ্ডপে সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ৩. দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটি ১ দিন বাড়ানো হয়েছে।

সভা শেষে পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। প্রতিনিধিদলকে স্বাগত জানান রামকৃষ্ণ মিশনের অম্বেশানন্দ মহারাজ। তারা মিশনের সার্বিক প্রস্তুতি ও পূজা আয়োজনের খোঁজখবর নেন।

অন্যদিকে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটিতে একটি সংশোধনী আনা হয়েছে। পূর্বের সদস্য মিল্টন বৈদ্যর পরিবর্তে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, যুবদলের কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিইউ/জেবি