নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ ঘটনাকে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান সোহেল তাজ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে।
ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘নিউজে প্রফেসর ইউনূসকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে হেনস্তা করার ভিডিও দেখে হতবাক হয়ে গেলাম। কতটুক নির্লজ্জ বেহায়া হলে নিজেরাই যেই গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করেছে, গণতন্ত্রকে কবর দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল; তারাই এখন সেই দায় আরেকজনের উপর চাপানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে সাবেক স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুর ট্যাবলেট, এই ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে।’
পোস্টে এ ধরনের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে গ্যাসলাইটিং ও প্রজেকশন নামের দুটি মনস্তাত্ত্বিক ধারণার কথাও উল্লেখ করেন তিনি।
গ্যাসলাইটিং হলো এমন এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের কৌশল, যেখানে মিথ্যা তথ্য দেওয়া বা ঘটনার সত্যতা অস্বীকারের মাধ্যমে কাউকে নিজের স্মৃতি, উপলব্ধি ও বিচারবুদ্ধি নিয়ে সন্দিহান করে তোলা হয়।
অন্যদিকে, প্রজেকশন হলো আত্মরক্ষামূলক একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এতে ব্যক্তি নিজের অগ্রহণযোগ্য চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য বা অনিরাপত্তা অন্যের ওপর আরোপ করেন।
বিমানবন্দরে কী ঘটেছিল
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে চিৎকার-চেঁচামেচি ও কটূক্তি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজন ব্যক্তি।
ওই সময় হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের কাছে এগিয়ে গিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গ্রেফতারের ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। তাদের কয়েকজনকে ‘Why you come here...’ (আপনি কেন এখানে এসেছেন...) বলতেও শোনা যায়।
পরিস্থিতি বিবেচনায় ড. ইউনূসের সফরসঙ্গীরা তাঁকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময়ও ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় তাঁর সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতাও হেনস্তার শিকার হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এমআর/এআর