Dhaka Mail Logo

রাজনীতি

আয়াসসহ চারজনের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাইযোদ্ধা এ এন এম আল নূর মোহাম্মদ আয়াসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আল নূর মোহাম্মদ আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। ঠুনকো ঘটনায় মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সরকার ও প্রশাসনের ভেতরে থাকা একটি অংশের মদদে দেশজুড়ে এ ধরনের কর্মকাণ্ড চলছে বলে তিনি অভিযোগ করেন।

জুবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করতে তৎপর বলে মনে হচ্ছে। আয়াসের বিরুদ্ধে অন্যায়ভাবে করা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ না করে বরং জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দমনের পথ বেছে নিয়েছে বলে আয়াসের ঘটনায় প্রতীয়মান হচ্ছে। তিনি সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে আধিপত্যবাদবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শন, জুলাইয়ের চেতনা ধারণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

বিবৃতিতে তিনি সহনশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

আয়াসের ভূমিকার প্রসঙ্গে জুবায়ের বলেন, তিনি আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন। কিন্তু আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর সঙ্গে মিলিয়ে তাকে ভুক্তভোগী করা হয়েছে, যা অনভিপ্রেত ও অসংগত।

বিবৃতিতে আয়াসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।

টিএই/এআর