Dhaka Mail Logo

রাজনীতি

সৌদিতে হামলায় নিহত বাংলাদেশিদের জন্য ক্ষতিপূরণ দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

সোমবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ নিন্দা জানান। 

একইসঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেন তারা।

বিবৃতিতে দুই নেতা নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত বাংলাদেশিসহ অন্য আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

বিবৃতিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু এবং আরও ২৪ জন আহত হওয়ার খবর প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক বা সামরিক বিরোধের অজুহাতে বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এবি পার্টির নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বিদেশে তাদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। রিয়াদে আহত বাংলাদেশিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দিতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাসকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান।

বিবৃতিতে মঞ্জু ও ফুয়াদ আরও বলেন, হুথি সশস্ত্র গোষ্ঠীর এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবি পার্টির নেতারা। একইসঙ্গে চলমান সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিবৃতিতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেওয়া, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জোর দাবি জানানো হয়। 

পাশাপাশি সৌদি আরবে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় দলটি।

এম/এএইচ