নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ কমিটি গঠন করেছে বিএনপি। ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তায় নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী বলেন, ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদ্যাপন করতে পারেন এবং উৎসবে অংশ নিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দলের নেতাকর্মীরা কীভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন, তা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে করণীয় এবং ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দুর্গাপূজা পর্যবেক্ষণে এরই মধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি এবং ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়। এ বিষয়ে দলের পক্ষ থেকে আগেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে বিএনপি সচেতন এবং দলের নেতারা এ নিয়ে সজাগ রয়েছেন।
রিজভী আরও বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা করা হচ্ছে। তবে অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্র দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে দলের নেতাকর্মীরা সব সময় সতর্ক থাকবেন।
বৈঠকে দলের সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান রিজভী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এদিন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। পরবর্তী সময়ে আলোচনা হলে তা জানানো হবে।
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো বার্তা আছে কি না- এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে জানানোর মতো কোনো বার্তা এখন পর্যন্ত তার কাছে পৌঁছায়নি। কোনো বার্তা পেলে পরে জানাবেন।
দলের জাতীয় কাউন্সিল নিয়েও বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান বিএনপির এই নেতা।
বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমান উল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।
এএইচ/এসআই