জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম
দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের সংকটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সরকার এসবের কৃত্রিম সংকট তৈরি করছে বলে তার অভিযোগ।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (জয়পুর) আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘আজ বাংলাদেশে নানা সংকট। গ্যাস নেই, তেল নেই, বিদ্যুৎ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। ভিন্ন দেশের দালালরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।’
তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে প্রতিবেশী দেশগুলো যেখানে ভর্তুকি দিচ্ছে, সেখানে আমাদের দেশে তৈরি পোশাক খাতকে বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে। সরকারদলীয় সিন্ডিকেটের কারণে তৈরি পোশাক খাতে চরম নৈরাজ্য নেমে এসেছে। এ কারণেই সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস লোহাগড়া পৌর শাখার সভাপতি মুফতি দিদারুল ইসলাম ইসলাম ও যুব মজলিসের কেন্দ্রীয় শূরা আমের অন্যতম সদস্য মুফতি আব্দুল আজিজ নড়াইলী।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদবী, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এএইচ