জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি বলেন, ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহতের ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।
একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
টিএই/এএম