জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় তিনি জামায়াতে ইসলামীকে মুনাফিক দলে আখ্যায়িত করে কড়া সমালোচনা করেন। ইসলামি মূল্যবোধ প্রচারে জামায়াতে হেফাজতে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বানও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জামায়াত জন্ম থেকে মুনাফিকি আচরণ করছে দাবি করে তিনি বলেন, জামায়াত একদিকে সরকারকে সহযোগিতা করার কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো সরকারবিরোধী আন্দোলনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
রাশেদ খাঁন জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন। আপনারা ইসলাম থেকে, ইসলামি মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। জামায়াতের সব কার্যক্রম ও কথাবার্তা আসলে এক ধরনের ইসলামের সঙ্গেই দ্বিচারিতা। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।
হেফাজতে ইসলামের আমিরের বরাত দিয়ে রাশেদ খাঁন বলেন, সবার দায়িত্ব, আমরা যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হারিয়েছিলাম, সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামের কোনো মনোযোগ নেই। জামায়াতে ইসলাম কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে, মুনাফেকি করে তারা সেই চেষ্টা করছে। আর হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের সেই মুনাফেকি আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে, ইসলামের এক ধরনের কাণ্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে। এজন্য আমি শ্রদ্ধেয় আমির এবং হেফাজতের সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
আরও পড়ুন
বড় দুর্ঘটনা থেকে অল্পে রক্ষা পেলেন হেফাজত আমির
হেফাজতের আপত্তিকে চাপ নয়, পরামর্শ হিসেবে দেখছি: ধর্ম প্রতিমন্ত্রী
রাশেদ খাঁন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের বর্তমান রাজনৈতিক বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য তিনি দেখছেন না। ডিসেম্বরকে ঘিরে সরকারবিরোধী কোনো কর্মসূচি নেওয়া হলে বিএনপি ও সরকারপন্থিরাও রাজপথে থাকবে বলে জানান তিনি।

রাশেদ আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব। আমরা দেখতে চাই, ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে। সরকারকে ব্যর্থ করার কোনো অপচেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
বাবুনগরীর সাথে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি। তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন। তিনি বিএনপি এবং বাংলাদেশের মানুষকে ইসলামি মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
প্রতিনিধি/জেবি