জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি দেশবাসী, জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে। জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে মশাবাহিত এ রোগ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ডেঙ্গু প্রতিরোধে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি পালন করবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতাকর্মীদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহ্বান জানাই।
কোনো নাগরিক কিংবা শিশুর মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অবহেলা না করে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভার উৎস অপসারণে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব ও টবের নিচে জমে থাকা পানি অপসারণ, পুরোনো টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত বালতি এবং বৃষ্টির পানি জমতে পারে এমন স্থান পরিষ্কার করার পরামর্শ দেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, চলতি বছর দেশে ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হয়েছে এবং ৭৯ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেপ্টেম্বরে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার শুধু বাগাড়ম্বর করছে। বড় বড় কথা বলার পরিবর্তে স্বাস্থ্যখাতের উন্নয়ন করে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানাই।
গোলাম পরওয়ার বলেন, জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ দেশ ও সমাজ গড়ে তোলা সম্ভব। ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
টিএই/এফএ