Dhaka Mail Logo

রাজনীতি

সব অপরাধের পেছনে মদদ দিচ্ছে মন্ত্রী ও সরকারদলীয় নেতাকর্মী: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে মন্ত্রী ও সরকারদলীয় নেতাকর্মীদের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জনগণ ধীরে ধীরে সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এর ফলে বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলা বাড়ছে।

তিনি দাবি করেন, সার ডিলার নিয়োগ, ইমাম-খতিবের ভাতা, কৃষক ফ্যামিলি কার্ডের তালিকা ও তদারকিসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে সংঘাত হচ্ছে। সার বিতরণকে কেন্দ্র করে কোথাও কোথাও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়েও দলীয়করণের অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, ভেরিফিকেশনের নামে এক শ্রেণির প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। এ কারণে নিয়োগবঞ্চিতরা শাহবাগে আন্দোলন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্যদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডে নির্বাচিত এমপিদের ডিও লেটার বাদ দিয়ে সংরক্ষিত নারী এমপিদের ডিও লেটারের মাধ্যমে বরাদ্দ দেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, এর ফলে বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং ইসিবি এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাও ব্রিফিংয়ে তুলে ধরেন গোলাম পরওয়ার। এসব ঘটনায় সরকারদলীয় লোকজনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীরা সরকারের ওপরের মহল থেকে সংকেত পাওয়ার কারণে সুযোগ পাচ্ছে। সরকার অপরাধের সঙ্গে জড়িত নিজেদের দলের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাতে চাইছে। তার ভাষায়, ‘বেড়ায় ক্ষেত খাচ্ছে’, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে রাজধানীসহ সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ব্যর্থতা থেকে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা আড়াল করতেই দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গণভোটের রায় কার্যকর না করে এবং জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুসরণ না করে সরকার দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জনগণের রায় উপেক্ষা করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জামায়াতের পক্ষ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া টিকা ও সংশ্লিষ্ট নথি উদ্ধার, বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ এবং ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

টিএই/এআর