নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
দেশে ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পরিচালনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও দখলের ঘটনায় দেশি-বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর কাছে দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যেতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল ও পল্লবী অঞ্চলের উদ্যোগে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এমন আহ্বান জানান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন,এ ধরনের ঘটনায় দেশে ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নেতিবাচক বার্তা যেতে পারে।
ড. রেজাউল করিম বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের রাষ্ট্রীয় অধিকার সরকার লঙ্ঘন করছে। ঢাকা মহানগরী উত্তরের মানুষ জামায়াত ও ১১ দলের প্রার্থীদের নির্বাচিত করায় তাদের প্রতি প্রতিশোধমূলক আচরণ করা হচ্ছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জনগণের সেবা দিয়ে আসছে। সরকারদলীয় সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের নাম এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে এবং ওই সংসদ সদস্য ও দলীয় ব্যক্তিরা প্রতিষ্ঠানটিতে হামলা ও লুটপাট চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা।
ড. রেজাউল করিম বলেন, অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গভীর রাতে জবরদখল ও জমি দখলের যে প্রচেষ্টা, এটি গণতান্ত্রিক কোনো রাষ্ট্রের সভ্য সমাজে কখনো চলতে দেওয়া যায় না।
তিনি আরও বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পুনর্নির্মাণের ব্যয় হামলাকারীদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় এবং প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগও দাবি করেন তিনি।
বিগত সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চাঁদাবাজি, লুটপাট, অপহরণ ও দখলের মতো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি তারা দেখতে পাচ্ছেন। এসবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং মিরপুর অঞ্চল পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কাফরুল অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
এমএইচএইচ/এআরএম