জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সাক্ষাতে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দূতাবাসের সেবার মান বাড়ানো, প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের নেতারা। পরে বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
সাক্ষাৎকালে জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামিক মিশন জাপানের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী ও ব্যবসায়ী নেতা সানাউল হক। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
টিএই/এআর