Dhaka Mail Logo

রাজনীতি

সরকারের দায়সারা ভূমিকায় হাম-ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

দেশে হাম ও ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও রোগ দুটি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। 

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণ এবং হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকার ঘাটতির কারণে পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের পরিবার ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

জামায়াত সেক্রেটারি বলেন, হাম আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার কার্যকর পদক্ষেপের ঘাটতি এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মৃত্যুর ঘটনা থামছে না। হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হাম রোগী হিসেবে ১১৩ জন শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।

বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যক্রম নেই বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের দায়সারা ও লোক দেখানো পদক্ষেপের কারণে মশক নিধন কার্যক্রম কার্যকর হচ্ছে না এবং লার্ভা ধ্বংসেও ব্যর্থতা রয়েছে। এর ফলে ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১০৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

গোলাম পরওয়ার বলেন, সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভগ্নদশায় পড়েছে। নানা রোগে আক্রান্ত হয়ে জনগণকে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে। 

নাগরিকদের জীবন রক্ষায় অবিলম্বে সমন্বিত উদ্যোগ নিয়ে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

টিএই/এএইচ