নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
একটি আইফোনের জন্য সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, একটি সামান্য বস্তুগত সম্পদের জন্য কোমলমতি একজন শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা মানবিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এ নৃশংসতা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষরূপী হায়েনাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, অপ্রতিমের মতো একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি গোটা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পায়, তাহলে সমাজে অপরাধপ্রবণতা আরও উৎসাহিত হতে পারে। তাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া একমাত্র সন্তানকে হারিয়েছেন। একজন মায়ের বুক খালি হয়ে যাওয়ার এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। অপ্রতিমের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধে কার্যকর সামাজিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এমআর/এফএ