নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের আলোকে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমন্ত্রণ থাকলেও রোববারের বৈঠকে তাদের কোনো প্রতিনিধি অংশ নেবেন না।
রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশকেও এ বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে দলটি মনে করে, সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত নয়। এ কারণে তারা বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত মোতাবেকই সংবিধান সংস্কার হতে হবে।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য ২৬টি দল ও জোটকে আমন্ত্রণ জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কমিটির আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে সংবিধান সংশোধনের বিষয়ে দল ও জোটগুলোর মতামত নেওয়া হবে।
এমআর/এএস